পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘন্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৮৬ জন। এসময় দেশে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬১৭ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এর আগে সোমবার (১৮ মে) সর্বোচ্চ এক হাজার ৬০২ জন আক্রান্ত শনাক্ত হন। গতকাল তা কিছুটা কমলেও ফের রেকর্ড পরিমাণ শনাক্ত হলো। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল যথাক্রমে ২৬ হাজার ৭৩৮ জন।
বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন একটিসহ মোট ৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩ হাজার ৮৫২টিতে। করোনার নমুনা পরীক্ষা নতুন ইউনাইটেড হাসপাতাল ল্যাব যুক্ত হয়েছে।
তিনি আরো জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২০৭ জন।
গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের পুরুষ ১৩ জন, নারী ৩ জন। তাদের বয়স বিশ্লেষণে নাসিমা সুলতানা বলেন, এদের মধ্যে ১০ বছরের নিচের একটি শিশু ও আশি ঊর্ধ্ব একজন বয়োজ্যষ্ঠ ছিলেন। এছাড়াও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের বয়সসীমার ছিলেন একজন। ১ জনের বয়স ছিল ১০ বছরের কম।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৭ লাখের বেশি। আর মৃতের সংখ্যা তিন লক্ষাধিক। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে ৫০ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার বাড়ে খুব দ্রুত।


