পাথেয় রিপোর্ট : কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার মূল্যায়ন হলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে অভিমত জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া গ্র্যান ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, মৌলিকভাবে কোটা পদ্ধতি সমর্থনযোগ্য নয়। তবে মুক্তিযোদ্ধা ও পিছিয়ে পড়াদের জন্য এক তৃতীয়াংশ রাখা যেতে পারে।
তিনি বলেন, পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে আসার জন্য যদি এ কোটা ব্যবস্থা রাখা হয় তাহলে এক তৃতীয়াংশ কোটা বিবেচনাসাপেক্ষে রাখা যেতে পারে। এর বেশি রাখা উচিত নয়।
মুক্তিযুদ্ধে অবদান যারা রেখেছেন তাদের বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, কোটা পদ্ধতির মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান রয়েছে। দেশের জন্য যেহেতু মুক্তিযোদ্ধারা বিপুল অবদান রেখেছেন তাই তাদের সন্তানদের জন্য একটি অংশ রাখা যায়। সেটাও যেন বেশি না হয় সে দিকে দৃষ্টি রাখা উচিত।
৯ এপ্রিল ২০১৮ সোমবার সন্ধ্যায় আল্লামা মাসঊদের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির নির্দেশনা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আল্লামা মাসঊদ। তিনি বলেন, সময়োপযোগী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার।
এ জাতীয় যেকোনো আন্দোলনে একাত্তরের পরাজিত শক্তি যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও মত দেন তিনি।

