কলকাতায় হিন্দ জমিয়তের সুপ্রাচীন দফতরের নব উদ্বোধন

কলকাতায় হিন্দ জমিয়তের সুপ্রাচীন দফতরের নব উদ্বোধন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দের কলকাতা সিটি অফিসের সুপ্রাচীন দফতরের নব কলেবরে উদ্বোধন করা হয়েছে রোববার (২৭ অক্টোবর)। ৮১, রবীন্দ্র সরণীর এই দফতরের এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। জমিয়তের রাজ্য ও জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এদিন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইতিহাস গবেষকরা বলছেন, আনুমানিক ১৯৪২-৪৩ সাল থেকে স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে এই দফতরের যাত্রা শুরু হয়। স্বাধীনতার প্রাক্কাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দফতরে পদার্পণ করেছেন ভারতবর্ষ তথা বিশ্বের খ্যাতনামা সব ব্যক্তিবর্গ।

সংবিধান রচনা কমিটির সদস্য মাওলানা হিফজুর রহমান (রহ.) থেকে নিয়ে জমিয়তের ভূতপূর্ব সর্বভারতীয় সভাপতি ফিদায়ে মিল্লাত মাওলানা আসআ’দ মাদানী(রহ.), মার্কিন কনসাল জেনারেল হেনরি ভি জারডিন থে ঐতিহাসিক প্রফেসর শান্তিময় রায়, কংগ্রেস নেতা সোমেন মিত্র, ফরওয়ার্ড ব্লক নেতা কলিমুদ্দিন শামস থেকে সিপিএম সাংসদ মহম্মদ সেলিমকে আসেন নি সেখানে?

এই দফতর থেকেই নেতাজী ইনডোর স্টেডিয়ামে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জমিয়ত এক ঐতিহাসিক সভার আয়োজন করে যেখানে মুলায়ম সিং যাদবসহ তদানীন্তন সর্বভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই দফতর থেকেই মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জমিয়ত বাংলার ৩৪ বছরের জগদ্দল কমিউনিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়। বলা বাহুল্য, এই সেই দফতর যেখান থেকে বাংলার মানুষ স্বাধীনতার পর প্রথমবার কোন আলেম-এ-দ্বীনকে বাংলার মন্ত্রীসভায় পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *