টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে কলেজছাত্র রাজন মিয়া হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন সাইদুল, মমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। বাকি চারজন পলাতক রয়েছেন। তারা হলেন মজিদ, আবদুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম। মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
রাজন ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় সেদিনেই রাজনের বাবা লাল মিয়া সরকার বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবাল এই রায় ঘোষণা করেন।


