কাউকে নির্বাচনের বাইরে রাখার ইচ্ছা নেই সরকারের: আইনমন্ত্রী

কাউকে নির্বাচনের বাইরে রাখার ইচ্ছা নেই সরকারের: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কাউকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার ইচ্ছে সরকারের নেই কিন্তু আইনের কারণে কেউ যদি নির্বাচনের বাইরে থাকে সেখানে সরকারের কিছু করার নেই।

রোববার দুপুরে জাতীয় আইন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে যেতে পারবে কি পারবে না এ বিষয়ে উচ্চ আদালতের দুই রকম রায় আছে। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন সুপ্রিমকোর্ট ও নির্বাচন কমিশন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, আদালতে খালেদা জিয়ার সাজা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি এখন হাইকোর্টে আপিল করতে পারেন। আপিলের পর চাইলে জামিনের আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। এখানে সরকারের কিছু করার নেই। সরকারের যেখানে কিছু করণীয় নেই, সেখানে সরকারকে কিছু করতে হবে, আর সরকার কিছু না করলেই হুমকি-ধামকি দেবে। এসব দিলে কিন্তু সরকার ভীত হবে না। এখানে সংঘাতের কোন প্রশ্ন নেই।

তিনি আরো বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন সকলের জন্য সমান, কেউ আইনের উধ্বের্ নয়। এসব ব্যাপারে কোন হুমকি-ধামকিতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। এটাই হচ্ছে পরিষ্কার কথা।

এর আগে অনুষ্ঠানে আইনমন্ত্রী প্রশিক্ষণার্থী বিচারকদের মনে করিয়ে দেন, সময় প্রতিনিয়ত পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা, আচার-আচরণ, দাবি-দাওয়াসহ সকল বিষয়ে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তৃতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *