পাথেয় রিপোর্ট : বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার-হয়রানি করছে না জানিয়ে বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়া পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার-হয়রানি করছে না। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনে নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সহায়তা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার বেলা সোয়া ১১টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণবিবিধামালা সংক্রান্ত ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। সেটি থাকবে। পুলিশ আমাদের কথা মান্য করে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে। পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।
আপনারা নির্দেশনা দিলেও সরকারের নির্দেশ পুলিশ পালন করছে কি না জানতে চাইলে নুরুল হুদা বলেন, সরকারের কোনো নির্দেশ নাই এখানে। নির্বাচন সংক্রান্ত বিষয়, আমাদের নির্দেশ মাঠে যায়। সেটাই প্রতিফলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানমও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান ও ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার ২২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে। ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএম সেটা করতে পারে। ইতোপূর্বে স্থানীয় সরকার নিবাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নিবাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই। সেটা আমরা ব্যবহার করব। দু’একদিনের মধ্যে কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা নির্ধারণ করা হবে।
কে এম নুরুল হুদা বলেন, ইতিপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো আইনি বাধা নেই। সেটি আমরা ব্যবহার করব। তিনি বলেন, কতটি ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সে বিষয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে।


