পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডায় মুসলিম নারীদের বর্ণাঢ্য হিজাব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অন্টারিও রাজ্যের ওকভিল শহরের মুসলিম নারীরা হ্যাশট্যাগহিজাবিটকস ইনিশিয়েটিভ নামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় দার ফাউন্ডেশন। মূলত ৪০ তরুণী প্রথম বার হিজাব পরাকে উদযাপন করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিজাবি নারীদের এ অনুষ্ঠানে হিজাব শুরু করা ৪০ তরুণীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া ইসলামী গানে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন শিল্পী হামিদ মুসা। এছাড়াও জর্দানের প্রশিদ্ধ দায়ি ড. আমজাদ কারশাহ ও শায়খ আবদুল আজিজ আদ দাইবসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিবর্গ তাতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান আয়োজক হাজির আশরাফ বলেন, অত্যন্ত আনন্দঘন সময়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। তাছাড়া নতুনভাবে হিজাব পরা নারীদের উৎসাহমূলক সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আগ্রহে হিজাব পরা নারীদের নিয়ে ধারাবাহিকভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করবেন বলে তিনি জানান।
ইসলামী শরিয়ার নির্দেশনা অনুসারে মুসলিম নারীদের হিজাব পরা আবশ্যক। আর তাই কানাডার মতো দেশে হিজাব পরাকে গর্বের বিষয় বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা। তাছাড়া হিজাবি নারীদের সুষ্ঠু ও নিরাপদ সমাজ গড়তে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মারয়াম বলেন, ‘অনুষ্ঠানে এত মানুষ অংশ নেবে তা কারো ধারণায় ছিল না। এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত আগস্টে হিজাবিটকস অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। কানাডায় বসবাসরত ২০ বছরের কম বয়সী মেয়েদের হিজাব পরাকে উদযাপন করতে উৎসাহমূলক এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৮ সালের এপ্রিলে কানাডার কুইবেক প্রদেশের আপিল আদালত মুসলিম নারীদের হিজাব পরার অধিকারের স্বীকৃতি দেয়। রানিয়া আল আলুল নামের এক কানাডিয়ান মুসলিম নাগরিকের ব্যাপারে এ নির্দেশনা দেওয়া হয়। তার জব্দকৃত গাড়ির মামলা সংক্রান্ত শুনানির সময় তাকে বিচারক হিজাব খুলতে বলে। তারই প্রেক্ষিতে হিজাবের অধিকার বিষয়ক নতুন নির্দেশনা প্রকাশনা করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নারীর মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। নারীরা কোন পোশাক পরবে আর কোন পোশাক পরবে না এসব বিষয়ে কাউকে বাধ্যবাধকতা না করার আহ্বান জানান ট্রুডো।
২০১৭ সালের পরিসংখ্যান মতে কানাডায় মোট জনসংখ্যা ৩৬ দশমিক ২৯ মিলিয়ন। এর মধ্যে শতকরা চার ভাগ মুসলিম বসবাস করে।
সূত্র : আল জাজিরা


