পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাপ্তাইয়ে বান্ধবীর জন্মদিনে উপহার দিতে মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। মেয়ের জন্য প্রতিবেশীর বাসায় গিয়েছিলেন মা ১০০ টাকা ধার করে আনতে। কিন্তু মাকে যে সে সুযোগও দিল না স্কুলছাত্রী। মা আসার আগেই আত্মহত্যা করে বসে স্কুলছাত্রী জান্নাতুল ফেরদাউস সাথী (১৫)। নিজ বাসায় সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফ এ টাইপ কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী কেপিএম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সাথীর বাবা মো. ফারুক সিএনজিচালিত অটোরিকশা চালক।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত স্কুলছাত্রীর বাবা পেশায় একজন সিএনজি চালক। দরিদ্র পরিবার হওয়ায় সাথীর চাওয়া ১০০ টাকা দিতে ব্যর্থ হয় তারা। এ ঘটনায় সাথী অভিমান করলে তার মা টাকা ধার নেওয়ার জন্য পাশের বাসায় গেলে এ সুযোগে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সাথী। এসময় ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুলছাত্রী।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোমবার (৩১ আগস্ট) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে কাপ্তাই থানার ওসি জানান।


