কামরান ভাই জনগণের নেতা ছিলেন : আরিফ

কামরান ভাই জনগণের নেতা ছিলেন : আরিফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘কামরান ভাই জনগণের নেতা ছিলেন, সিলেটবাসী তাঁকে চিরকাল স্মরণ করবে।’- সিলেট সিটি করপোরেশনের সদ্য প্রয়াত সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সম্পর্কে সোমবার (১৫ জুন) সকালে এসব কথা বলেন একই সিটির বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। কামরানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন তিনি।

আরিফুল হক বলেন, ‘আমার কাছে যখন ফোন আসে তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না কামরান ভাই নেই। গতকালও আমি খবর নিয়েছিলাম। জানতে পারি তিনি ভালো আছেন। সমগ্র সিলেটবাসী আশা করেছিল তিনি আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। তাঁর এই মৃত্যুতে সবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক।’

সিটি মেয়র আরো বলেন, ‘কামরান ভাইয়ের সঙ্গে দীর্ঘকাল কাজ করেছি। তিনি যখন মেয়র ছিলেন আমি তখন কাউন্সিলর। আমার সঙ্গে তাঁর ব্যাক্তিগত সম্পর্কও ভালো ছিল। যখন আমার স্ত্রী করোনায় আক্রান্ত হলেন, তিনি ফোনে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে বলেন বাইরে বেশি বের না হতে, আমরা ডায়বেটিস রোগী সাবধানে যেন থাকি। এমনকি ঢাকায় যাওয়ার আগের দিনও তাঁর সঙ্গে আমার কথা হয়েছে।’

এর আগে কামরানের মৃত্যুতে এক শোকবার্তায় মেয়র আরিফ বলেন, বদরউদ্দিন আহমদ কামরানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, একজন দক্ষ জনপ্রতিনিধিকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি সিলেট পৌরসভা ও সিলেট সিটি করপোরেশনের বার বার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন।

শোক বার্তায় মেয়র মরহুম কামরানের বিদেহীর রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশন তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির আওতায় সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। তিন দিনের কর্মসূচি হিসেবে আজ সিসিকের সকল দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *