কুমিল্লা প্রতিনিধি ● নির্বাচনে কারো প্রতি কোনো ধরনের শৈথিল্য না দেখাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রভাশালীসহ অন্য কারো কাছে মাথানত করা যাবে না। কারো প্রতি কোনো প্রকার শৈথল্য দেখানো যাবে না। বলতে পারেন এটা আমার অর্ডার। কাউকে আইনশৃঙ্খলার অবনতি করার সুযোগ দেওয়া হবে না, তার পরিচয় যা হোক না কেন। তা কঠোরভাবে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ার করেন। তিনি বলেন, একটি কেন্দ্রে একটিমাত্র প্রভাশালী ব্যক্তি রয়েছেন; তিনি হলেন প্রিসাইডিং অফিসার। আর কোনো প্রভাবশালী ব্যক্তির নির্বাচন কেন্দ্রে স্থান নেই। নুরুল হুদা বলেন, দেশে কখনো কখনো কিছুকিছু স্থানে গণতান্ত্রিক ব্যবস্থা বিতর্কিত হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে আগামি পাঁচ বছর সেই গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি। তিনি বলেন, কুমিল্লায় সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব সৃষ্টি করে অথবা অতিরঞ্জিত কিছু করে এমন কাউকে ছাড় দেওয়া হবে না। সিইসি কে এম নুরুল হুদা বলেন, আমি আগেই বলেছি যে কুমিল্লার মানুষদের আমি চিনি এবং জানি। অনেকেই এখানে আছেন। এই যে শেষ পর্যন্ত শেষ কথা বলতে চাই, এই যে চ্যালেঞ্জিং নির্বাচন আপনারা করেছেন ঠিক আছে। কিন্তু আমরা সকলে এখানে যারা আছেন তাঁরা, এ দেশে যারা সচেতন নাগরিক আছেন, তাঁরা শুধু আমরা চাব, গণতান্ত্রিক পরিবেশ-পরিস্থিতি যেভাবে হোক না কেন কোথাও কোথাও কখনো কখনো, কিছুকিছু বিতর্কিত হইছে। সেই অবস্থা আমরা ফিরিয়ে আনব। সেটা ফিরিয়ে আনতে পারব শুধু যদি আপনাদের সহযোগিতা থাকে, সমর্থন থাকে। প্রত্যেকটি গণতন্ত্রমনা ব্যক্তি বিশ্বাস করে এই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসুক। এবং সেই যাত্রা এই কুমিল্লা থেকে শুরু হোক। এই সাফল্যের মাধ্যমে সেই যাত্রা শুরু হোক।
সাফল্যের মাধ্যমে আমরা আর পাঁচটি বছর এদেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করছি। অনুষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবিদ হোসেন, র্যাবের উপপরিচালক মোস্তফা কাইজার প্রমুখ। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।


