পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরিবহন ধর্মঘট তুলে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতি। তারা জানিয়েছে, ফলে আগামীকাল রোববার (৭ নভেম্বর) সকাল ছয়টা থেকে থেকে চট্টগ্রাম মহানগরীতে বাস চলাচল করবে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
তিনি বলেন, আমরা সাধারণ মানুষকে আর বিপর্যস্ত অবস্থায় ফেলতে চাচ্ছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগামীকাল সকাল থেকে গাড়ি চালাবো। আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা আগামীকাল সকাল থেকে আবারও চলাচল করবে।
এদিকে পরিবহন সঙ্কটে অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও বেড়েছে জনদুর্ভোগ। উল্টো বাড়তি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে। শনিবার সকাল থেকে সরেজমিনে চট্টগ্রামজুড়ে দেখা যায়, নগরের ষোলশহর, দুই নম্বর গেট, কাজীর দেউড়ি, লালখান বাজার, জিইসি মোড় ও বহদ্দারহাটসহ বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকদের অবস্থান।
এছাড়া নগরীর প্রতিটি মোড়ে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমায় থাকা যাত্রীদের ভিড়। নগরীর জিইসি, ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস, আগ্রাবাদ, নিউমার্কেট, আন্দরকিল্লা, বহদ্দার হাট, জামালখান, চকবাজার, মুরাদপুর প্রায় জায়গায় অপেক্ষমান যাত্রী দেখা গেছে।


