কিছুটা বেড়েছে চামড়ার দাম

কিছুটা বেড়েছে চামড়ার দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে এ বছর পশুর চামড়ার দাম কিছুটা বাড়ানো হয়েছে। এ বছর ঢাকায় কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত জুম প্ল্যাটফর্ম মিটিংয়ে আজ (১৫ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদসহ ব্যবসায়ী নেতারা সভায় বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় এ বছর প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে ৩৩ থেকে ৩৭ টাকা। অন্যদিকে, খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা এবং ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ হয়েছে বকরির চামড়া।

উল্লেখ্য, এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। আর ঢাকার বাইরে ছিল ২৮ থেকে ৩২ টাকা। সেই হিসাবে এবার গরুর চামড়ার ক্ষেত্রে দাম বেড়েছে ৫ টাকা। অন্যদিকে, আগের বছর লবণযুক্ত খাসির চামড়ার দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা এবং ১০ থেকে ১২ টাকা ছিল বকরির চামড়ার দাম। সেই হিসাবে খাসি ও বকরির চামড়ার মূল্য এবার বেড়েছে ২ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *