কিলোমিটারে ৫ পয়সা কমিয়ে ভাড়া সমন্বয় করলো বিআরটিএ

কিলোমিটারে ৫ পয়সা কমিয়ে ভাড়া সমন্বয় করলো বিআরটিএ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমিয়ে দূরপাল্লার গণপরিবহনে এখন কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার থেকেই এই ভাড়া কার্যকর হবে।

বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেন, “ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া ২ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কিনা, তা দেখতে বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরাও থাকবেন। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।”

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ২৯ আগস্ট রাতে সরকার তেলের দাম সমন্বয় করে। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলে লিটারপ্রতি ৫ টাকা করে দাম কমায় সরকার। এরপরই নতুন করে বাস ভাড়া সমন্বয় করা হলো।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২%। এছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬.২৭%। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *