অর্থনৈতিক প্রতিবেদক ● কুষ্টিয়া বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস-এর পার্টেক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শ্রমিক নিহত এবং ফায়ার সার্ভিস কর্মীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনায় আহত এক শ্রমিকের দাবি, এ ঘটনায় আরো এক শ্রমিক ভস্মীভূত হয়ে থাকতে পারেন, তাকে উদ্ধার করা যায়নি।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বিসিক শিল্প নগরীর ওই কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কুষ্টিয়া এবং কুমারখালীর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পার্টেক্স কারখানার ব্রয়লার বিস্ফোরণে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়ে থাকতে পারে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে এবং নিহত ও আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহজাদা জানান, বিআরবি গ্রুপের পার্টেক্স কারখানার অগ্নিকা-ের ঘটনায় ঘটনাস্থলেই নিহত দুই শ্রমিক চুয়াডাঙ্গা জেলার আন্দলবাড়িয়া গ্রামের মীর মকছেদুল হকের ছেলে মো. রশিদ (৫৫) এবং ঝিনাইদহ জেলা মধুগঞ্জ নলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে সাইদুল্লা (৪২)। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত কুমারখালী ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন, কারখানা শ্রমিক দেলোয়ার হোসেন খান (৩২) এবং উমর ফারুক (৩০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমন জানান, আহত উমর ফারুকের অবস্থা গুরুতর। অন্য দুজন অগ্নিদগ্ধ হলেও ঝুকিপূর্ণ নয়। প্রত্যক্ষদর্শী এক শ্রমিক দাবি করেন, সেখানে আনিছ নামের ক্লিনার অগ্নিকাণ্ডের ভস্মীভূত হয়ে থাকতে পারে। তার মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি। তিনি ক্ষুব্ধ ভাষায় বলেন, পার্টেক্স কারখানার চালের উপর বেশ কিছুদিন ধরে কাঠের গুড়ার স্তূপ জমেছিল। সকালে বৃষ্টির পানিতে ভিজে বেশী ভারী হয়ে যাওয়ায় চালা ভেঙে পড়ে এবং বিদ্যুতের তার ছিড়ে আগুন লেগে যায়। এবিষয়ে বিআরবি গ্রুপের চেয়ারম্যন মজিবর রহমানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, এঘটনায় নিহত দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যায়নি। তারা চাপা পড়ে মারা গেছেন। আহত তিনজনও চাপা পড়েছিলেন। ঘটনাটি কীভাবে ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।


