কৃষকের পণ্য বিক্রির নতুন প্লাটফর্ম ‘সদাই’-এর উদ্বোধন

কৃষকের পণ্য বিক্রির নতুন প্লাটফর্ম ‘সদাই’-এর উদ্বোধন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে সরকারিভাবে প্রথমবারের মতো কৃষি বিপণন অ্যাপ ‘সদাই’ চালু করলো কৃষি মন্ত্রণালয়। কৃষক ও কৃষি উদ্যোক্তারা এখন থেকে অ্যাপের মাধ্যমে তাদের কৃষিপণ্য বিক্রি করতে পারবেন।

বুধবার (৪ আগস্ট) অ্যাপের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এটি বাস্তবায়ন করছে কৃষি বিপণন অধিদফতর। সার্বিক সহযোগিতায় রয়েছে কৃষি মন্ত্রণালয়।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, কৃষক ও ভোক্তার সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে ‘সদাই’ অ্যাপ কার্যকরী ভূমিকা রাখবে। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে এ কৃষি বিপণন অ্যাপ প্রথম।

কৃষি বিপণন অধিদফতর ‘সদাই’ প্লাটফর্মে কেনা-বেচা হওয়া কৃষিপণ্যের গুণগত মান এবং বিক্রয় ব্যবস্থা মনিটরিং করবে। পণ্যের উপযুক্ত দামও নির্ধারণ করবে অধিদফতর। অভিযোগ পেলে প্রয়োজনে উদ্যোক্তার নিবন্ধন বাতিল করবে। অভিযোগ প্রতিকারের ব্যবস্থা ও কল সেন্টারের ব্যবস্থা রেখেছে অধিদফতর।

অ্যাপটিতে কৃষক ও উদ্যোক্তারা ফ্রি রেজিস্ট্রেশন করে কমিশনবিহীন বিক্রির সুযোগ পাবেন। মোবাইল ব্যাংকিং পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি পেমেন্টের সুযোগ পাওয়া যাবে এতে। মূল্য যাচাইয়ের সুযোগ ও অর্ডারকৃত পণ্যের ট্র্যাকিং সুবিধা রয়েছে। কৃষক ও উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে অধিদফতর। ক্ষেত্র বিশেষে কৃষিপণ্য পরিবহণ সুবিধা পাওয়া যাবে।

ভোক্তা ও উদ্যোক্তাদের জন্য ‘সদাই’ অ্যাপ আলাদা। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *