ক্যামেরার ব্যবহারসহ ১৯ নিষেধের আওতায় সৌদি পর্যটকরা

ক্যামেরার ব্যবহারসহ ১৯ নিষেধের আওতায় সৌদি পর্যটকরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্বালানিনির্ভরতা থেকে সরে আসতে পর্যটনের দ্বার উন্মুক্ত করেছে চরম রক্ষণশীলতায় মোড়ানো সৌদি আরব। গত শুক্রবার সরকারপক্ষ জানায়, এখন থেকে তারা পর্যটকদের ভিসা দেবে। এত দিন ধরে বিদেশিদের বিশেষ বিশেষ উদ্দেশ্যে ভিসা দিলেও পর্যটনের উদ্দেশ্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত এবারই প্রথম।

সারা বিশ্বের ৪৯টি দেশের নাগরিকরা সেখানে ভ্রমণের সুযোগ পাবেন। তবে দেশটিতে গিয়ে কী কী করতে পারবেন না, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তা নিয়ে একটি প্রতিবেদন করেছে জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বাংলা মাধ্যম। জানুন সৌদি আরবে গিয়ে কী কী করতে পারবেন না-

যৌনতা প্রকাশ পায় এমন আচরণ : এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে যৌনতা প্রকাশ পায়। এ ধরনের ‘অপরাধের’ জন্য গুণতে হবে তিন হাজার সৌদি রিয়াল। একই অপরাধ আবার করার জন্য জরিমানা ছয় হাজার ডলার।

উচ্চ শব্দে গান : কোনো আবাসিক এলাকায় যথাযথ অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না। এক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অভিযোগ জানালে দায়ীকে শাস্তি পেতে হবে। প্রথমবারের জন্য ৫০০ সৌদি রিয়াল আর পরবর্তীতে প্রত্যেক বারের জন্য এক হাজার রিয়াল করে গুণতে হবে।

প্রার্থনার সময়ে গান : প্রার্থনা বা নামাযের সময় কেউ গান বাজালে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধে পরবর্তীতে দিতে হবে দুই হাজার রিয়াল করে।

পোষা প্রাণীর বিষ্ঠা : পোষা প্রাণীর বিষ্ঠা পরিষ্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য প্রথবারের শাস্তি একশ রিয়াল জরিমানা, পরবর্তীতে দু’শ রিয়াল।

থুথু ও ময়লা ফেলা : নির্দিষ্ট স্থান ছাড়া কেউ ময়লা ফেললে কিংবা যেখানে সেখানে থুথু ফেলা হলে পাঁচশ রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই কাজের জন্য এক হাজার রিয়াল গুণতে হবে।

বয়স্ক আর প্রতিবন্ধীদের আসন : গণপরিবহনে ভুল করে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসে গেলেই বিপদ। মাশুল দিতে হবে দু’শ ইউরো। দ্বিগুণ গুণতে হবে একই অপরাধ আবার করলে।

পাবলিক প্লেসে বাধা ডিঙ্গিয়ে ফেলা : খোলা জায়গায় কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে একবারেই পাঁচশ রিয়ালের জরিমানা। পরবর্তীতে হবে দ্বিগুণ জরিমানা।

পোশাক : পাবলিক প্লেসে সৌদি আরবের ‘ড্রেস কোডের’ সঙ্গে মেলে না এমন পোশাক পরা যাবে না। এমনকি পোশাকে ‘অপবিত্র আর অশ্লীল’ কোনো প্রতীকও থাকা চলবে না। কেউ অন্তর্বাস বা ঘুমানোর পোশাক পরে বাইরে বের হলেও অপরাধ হিসেবে গণ্য হবে। এই তিনটি ক্ষেত্রেই প্রথমবার একশ আর পরবর্তীতে দ্বিগুণ রিয়াল করে জরিমানা দিতে হবে।

পোশাকে নগ্নতা : পাবলিক প্লেসে আপনার পোশাকে এমন কোনো ভাষা, ছবি বা প্রতীক থাকা যাবে না যা বৈষম্য ও বর্ণবাদ, পর্নগ্রাফি বা মাদকের ব্যবহার উস্কে দিতে পারে। এজন্য প্রথমবারই পাঁচশ ইউরো গুণতে হবে৷

গণপরিবহন ও দেয়ালে লেখালেখি : অনুমতি ছাড়া পাবলিক পরিবহন অথবা দেয়ালে লেখালেখি, আঁকাআঁকি করলে প্রথমবারের শাস্তি একশ রিয়াল জরিমানা। একই জরিমানা হবে বর্ণবাদী কিংবা কোনো প্রচার সংক্রান্ত স্লোগান বা ছবি দিলেও। একশ রিয়াল মাশুল দিতে হবে বাণিজ্যিক প্রচাপত্র বিলি করার জন্যেও।

আক্রমণ : শারীরিক বা মৌখিকভাবে কাউকে আক্রমণ করা যাবে না। এমন কর্মকাণ্ডে কেউ ভয় পেলে বা ক্ষতিগ্রস্থ হলে একশ রিয়াল গুণতে হবে।

আগুন জ্বালনো : ভুল করে পাবলিক প্লেস বা পার্কে আগুন জ্বালিয়ে ফেললে শাস্তি একশ রিয়াল।

লাইন ভাঙা : অনুমতি ছাড়া পাবলিক প্লেসের অপেক্ষারত লাইন অতিক্রম করলে ৫০ রিয়াল জরিমানা গুণতে হবে।

বৈদ্যুতিক বা লেজার বিম ব্যবহার : বৈদুতিক কোনো কিছু বা লেজার বিম ব্যবহার করে কাউকে ভয় দেখালে বা ক্ষতি করলে প্রথমবারের শাস্তি একশ রিয়াল, পরবর্তীতে দু’শ করে।

ছবি বা ভিডিও তোলা : অনুমতি ছাড়া কারো ছবি তুললে বা ভিডিও করলে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে অনুমতি ছাড়া তোলা যাবে না দুর্ঘটনা বা অন্য কোনো ঘটনার ছবিও। এসব ক্ষেত্রে প্রথমবারের শাস্তি এক হাজার রিয়াল। একই অপরাধ আবার করলে গুণতে হবে দুই হাজার রিয়াল করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *