পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর উত্তরায় দক্ষিণখান এলাকার একটি ক্লিনিকে অবৈধভাবে করোনা টিকা বিক্রির অভিযোগে বিজয়কৃষ্ণ তালুকদার নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
অভিযানকালে ক্লিনিকটি থেকে মডার্না টিকার ২ টি এম্পুল পাওয়া গেছে। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া গেছে আরও ২২টি।
বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজধানীর দক্ষিণখান এলাকার একটি ক্লিনিকে অবৈধভাবে মডার্না টিকা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি। অভিযানে গিয়ে আমরা দেখি, ক্লিনিকে দুই জন টিকা নিচ্ছেন। পরে অভিযানে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়া অভিযোগে প্রতিষ্ঠানটি মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করি।
আজিজুল হক মিয়া আরও বলেন, আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি প্রতি ডোজ টিকা ১ হাজার টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কত জনকে টিকা দিয়েছেন এবং কোথায় থেকে এই টিকা পেয়েছেন তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


