পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খরায় পুড়ছে খাগড়াছড়ি জেলার পানছড়ি। গত কয়েক মাসের খরায় বড় বড় পুকুর, জলাশয়, খাল-বিল শুকিয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র পানির সংকট। তীব্র তাপপ্রবাহে চরম অস্বস্তিতে রয়েছে পানছড়ির সর্বস্তরের মানুষ।
ওদিকে, বনাঞ্চল উজাড় হওয়ার কারণে হুমকির মুখে পড়েছে এলাকার জীব বৈচিত্র্য। এমন পরিস্থিতিতে ৩ নম্বর পানছড়ি ইউপির আয়ুবনগরবাসী আয়োজন করেছে বিশেষ দোয়া ও মোনাজাত।
রোববার (২৩ মে) সকাল সাড়ে ৭টা থেকে আয়ুবনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য প্রার্থণা করেন স্থানীয়রা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. আলী হোসেন কারিমী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ মেম্বার বলেন. ৬০ বছর বয়সে এভাবে খরা কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। মানুষের ফসলাদি গাছ-পালা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে তাই গ্রামবাসী মিলে সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনার আয়োজন করেছি। গ্রামের কোমলমতি শিশুরাও এই বিশেষ প্রার্থনায় শরিক হয়। বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অনেকেই এই প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন বলে জানান তিনি।


