খালেদাকে জামিন দিতে প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহর অনুরোধ

খালেদাকে জামিন দিতে প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহর অনুরোধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি মানবিক অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (১৪ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।

বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি, অসুস্থ বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত। সবদিক থেকে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরাপুরি নিয়ন্ত্রণের বাইরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। এরই মধ্যে করোনায় আক্রান্ত হন তিনি। পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এ অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামত চিকিৎসা নেওয়া। তাঁর সবচেয়ে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া। তার শারীরিক অবস্থা, বয়স, রাজনীতিক ও সামাজিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *