পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাস্তি স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। শাস্তি স্থগিতের মেয়াদ বাড়লেও এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, স্থায়ী মুক্তির জন্য যেতে হবে আদালতে।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে চলতি মাসের শুরুর দিকে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আবেদনে মতামত দিয়ে সেটি গত ৭ সেপ্টেম্বর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। এখন পর্যন্ত দুই মামলায় খালেদা জিয়ার মোট ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।


