নিজস্ব প্রতিবেদক : উন্নয়নকাজের জন্য আওয়ামী লীগকে জনগণ আবারও ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণার দিন ঢাকা মহানগর আওয়ামী লীগ মাঠে থাকবে বলে ঘোষণা দেন তিনি।
সোমবার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে শাহাবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে মেয়র এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে সাঈদ খোকন বলেন, রাজনীতি কোনো ফুলের বিছানা নয়। চলার পথে মান-অভিমান থাকতেই পারে। এগুলো ভুলে যেতে হয়। দীর্ঘদিন ধরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগে চলা ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা এগুলো ভুলে সামনে এগিয়ে যেতে চাই।
শাহাবাগ থানার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য আফজাল হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ খান প্রমুখ।
এতে দক্ষিণ সিটির ২০ ও ২১নং ওয়ার্ডের সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালিত হয়। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার সদস্যপদ নবায়নের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।


