নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে সাজা হয়েছে, এটা আওয়ামী লীগ বা বিএনপির বিষয় নয়। এখানে আদালত ও আসামিদের বিষয়। তবে এ রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা আগে বলেছি, খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ। কিন্তু এ রায়ের পর এটা প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া ও বিএনপি এ মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য সময়ক্ষেপণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করেছে। রায়ের চেষ্টা ভ-ুল করার চেষ্টা চালিয়েছিল তারা। সারা দেশে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ রায়ে (আওয়ামী লীগ) সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার বিষয় নয়। আইন সবার জন্য সমান, এটাই আসল বিষয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দিয়েছেন আদালত। এর পরপরই ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুর নাহার, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


