পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে পুরো বিশ্ব এখন তোলপাড় চলছে। খাশোগির হত্যাকাণ্ড তদন্তের জন্য তুরস্ক সফরে গিয়েছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল। তিনি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন বলে জানা যায়।
তুরস্ক সফর শেষ তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করেন তবে ট্রাম্পকে কী বলেছেন তা জানা যায় নি। তুরস্ক সফরের সময় হাসপেল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রেকর্ড করা টেপ শুনেছেন। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য চলতি সপ্তাহে হাসপেল গোপনে তুরস্ক সফর করেন। এ সময় তুর্কি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা অডিও টেপ তিনি শোনেন। তুর্কি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগিকে নির্যাতনের পর হত্যা করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করা হয়।
এদিকে, সৌদি আরবের সরকারি কৌঁসুলি বলেছেন, ‘পূর্বপরিকল্পনা’ অনুসারে খাশোগিকে হত্যা করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) তিনি বলেন, তুরস্কের পক্ষ থেকে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে তা থেকে এটা নিশ্চিত হয় যে, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। সৌদি সরকারি কৌঁসুলির এ বক্তব্যে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা নতুন মোড় নিল বলে মনে করা হচ্ছে। এর আগে তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইলনুর চেভিস বলেছেন, সৌদি যুবরাজের হাত সাংবাদিক জামাল খাশোগির রক্তে রঞ্জিত।
হাসপেলের সফরের ব্যাপারে গতকাল ২৪ অক্টোবর (বুধবার) ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গোপন সফরে হাসপেল গত সোমবার আমেরিকা থেকে আংকারার উদ্দেশ্যে রওয়ানা হন এবং তিনি খাশোগি হত্যাকাণ্ডের সময় ধারণ করা অডিও টেপ শুনেছেন। এ ঘটনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তুরস্কের কাছে থাকা প্রমাণাদির সঙ্গে জড়িত হলেন। খাশোগি হত্যাকাণ্ডের জন্য তুরস্ক সৌদি সরকারকে দায়ী করছে।
অপর দিকে সৌদি আরবের রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার পেছনে রাজা মোহাম্মদ বিন সালমান জড়িত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, রাজা সালমানের মস্তিষ্কে অনুপ্রবেশ করা তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু তার সঙ্গে আলাপ করে তিনি বুঝতে পেরেছেন, দুর্বৃত্ত হত্যাকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা শিগগিরই এ ঘটনার রহস্য উন্মোচন করে ফেলব, তবে রাজা সালমান এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করেছেন।


