খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা

খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) খুলনায় সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বছর ১৬ এপ্রিল খুলনায় একই তাপমাত্রা ছিল।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনা বিভাগের মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। এ দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আর খুলনায় এ মৌসুমে সর্বোচ্চ ও এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

তিনি বলেন, খুলনায় গত বছরের ১৬ এপ্রিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস, ২০১৪ সালের ২৩ এপ্রিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, ২০০৯ সালের ২৬ এপ্রিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, ২০২১ সালের ২৫ এপ্রিল ও ২০০২ সালের ২০ মে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

আবহাওয়া অফিসের এই কর্মকর্তা আরও বলেন, বৃহস্পতিবার কুমারখালীতে ৪১.২ ডিগ্রি, সাতক্ষীরায় ৪০.৫ ডিগ্রি, মোংলায় ৪০ ডিগ্রি ও কয়রায় ৪০.২ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

খুলনা অঞ্চলে দাবদাহ বয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আর এই দাবদাহের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। দাবদাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ।

ব্যাংক কর্মকর্তা শহিদুল হারেজ বলেন, তীব্র গরমে মধ্যে আমরা অফিসিয়াল ড্রেস পরতে পারছি না। যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ তো ঠান্ডা পানি ও স্যালাইন খেয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করি। তারপর কাজ শেষে বাসায় ফিরে যতটা পারছি নিজেকে সুস্থ থাকার জন্য ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *