খুলনায় করোনায় প্রাণ গেল আরও ৭ জনের

খুলনায় করোনায় প্রাণ গেল আরও ৭ জনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় বেড়েই চলেছে করোনায় মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এর আগে শনিবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২০ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ১৩০ শয্যার করোনা হাসপাতালের রেড জোনে (আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়) ৬ জনের এবং ইয়ালো জোনে (উপসর্গ নিয়ে ভর্তি) একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছে ১৮ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। বর্তমানে হাসপাতালে ১৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শনিবার (১৯ জুন) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর ল্যাবে ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ১৪২ জন, বাগেরহাটের ১১ জন, যশোরের ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, নড়াইল, গোপালগঞ্জে এবং মেহেরপুরে একজন করে শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *