খুলনায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

খুলনায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন। যার মধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। মৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদরের অমিত চক্রবর্তী (৩০), খুলনা মহানগরীর লবণচরার আনোয়ারা বেগম (৫০), হরিণটানার কাজী সাইফুল হক (৫২), পাইকগাছার নজরুল ইসলাম (৭০) ও খুলনা মহানগরীর সুচিত্রা রানীসহ (৫৮) করোনা উপসর্গে তিনজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি হলেন-বাগেরহাটের রামপাল উপজেলার তিমির ঘোষ (৫০)। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। হাসপাতালে সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৭০ জন।

অন্যদিকে, খুলনার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *