পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর পাঁচ সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে খুলনার লবণচরা এলাকায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয় বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। দুপুরে মহানগরীর র্যাব-৬ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন সংগঠনটির যশোর জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), যশোর জেলার যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন (৩৬), যশোর জেলার সহ জেলা নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯) ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)। তাদের কাছ থেকে হ্যান্ডনোট, লিফলেট, দোকানঘর ভাড়ার চুক্তিপত্র, উগ্রবাদী কবিতা, হাতে লেখা সংগঠনের কার্যবিধি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের অন্তর্ভুক্ত করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত আটক সদস্যরা।


