খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৮ জন। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

খুলনা সিটি মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট ফকিরহাটের ডা. আমিয় কুমার বিশ্বাস (৫৯) নামের এক চিকিৎসক মারা গেছেন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে তিনজন, খুলনায় এক জন, কুষ্টিয়ায় দুইজন ও নড়াইলে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ৩৭ জন। এ ছাড়া খুলনায় ২৫ জন, বাগেরহাটে ৭, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ১৪জন, নড়াইলে ৮জন, মাগুরায় দুই জন, ঝিনাইদহে ২০ জন, চুয়াডাঙ্গায় এক জন ও মেহেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৭৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *