গজনি দখলে সংঘর্ষে তালেবান-আফগান

গজনি দখলে সংঘর্ষে তালেবান-আফগান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনি জেলার নিয়ন্ত্রণ নিতে তীব্র হামলা শুরু করেছে তালেবান যোদ্ধারা। মঙ্গলবার কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র-গোলাবারুদ নিয়ে অবস্থান নিলে সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

দেশটির প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানের এবারের হামলাটি সবচেয়ে তীব্র। তবে সরকারি বাহিনী হারানো এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলজাজিরা জানিয়েছে, শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপত্তা চৌকিগুলোর কাছে এদিন তালেবানদের সঙ্গে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে। এতে ওইসব এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেখানকার বেশির ভাগ রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

গজনিতে বহু বছর ধরেই তালেবানদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। তবে প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর এবারের হামলাটি সবচেয়ে তীব্র। দীর্ঘ দুই দশকের যুদ্ধপীড়িত দেশ আফগানিস্তান থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে সকল বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এই ঘোষণার পর আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান দেশটিতে সরকারি বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে। প্রতিদিন দেশটির বিভিন্ন অঞ্চলে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর আসছে।

সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *