গজারিয়াবাসীর ঈদ উপহার মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস

গজারিয়াবাসীর ঈদ উপহার মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি : গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরিঘাট ও ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য চালু করা হয় এই সেবা।

ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা গজারিয়াবাসীর জন্য ঈদ উপহার।

বিআইডব্লিউটিসি কর্তৃক নির্মিত স্বর্ণচাঁপা মিনি ইউটিলিটি টাইপ ফেরি দিয়ে মুন্সীগঞ্জ-গজারিয়া রুটে এ সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ রুটে যানবাহন সংখ্যা বাড়লে ফেরির সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া উপজেলায় যেতে হলে ৫০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে হতো। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাত্র ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর থেকে গজারিয়ায় পৌঁছানো যাবে। মেঘনা নদীতে এই ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে জেলা সদর থেকে গজারিয়া উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমলো।

জানা যায়, এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রী এই রুটে ফেরি সার্ভিস চালু করার জন্য নৌমন্ত্রীকে নির্দেশ প্রদান করেন। এরপর থেকেই এই কার্যক্রম শুরু হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই ফেরি সার্ভিস চালু হওয়ায় জনসাধারণ এখন বেশ খুশি। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা বলছেন, এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার বিকল্প সংযোগ হিসেবে বিবেচিত হবে। গজারিয়ায় ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকা-, বাস্তবায়নাধীন শিল্পপার্ক, গার্মেন্টস এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিষয়গুলো বিবেচনায় এই ফেরি সার্ভিস চালু করা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

বিশেষ করে পদ্মা সেতু নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে মোংলা ও পায়রা বন্দরের যোগাযোগের প্রবেশদ্বার হবে গজারিয়া-মুন্সীগঞ্জ নৌ-ফেরি সার্ভিস রুট। এ রুটের দূরত্ব প্রায় দুই কিলোমিটার এবং ফেরি পারাপারে সময় লাগবে ৩০ মিনিট। এরই মধ্যে মুন্সীগঞ্জ ও গজারিয়া ফেরিঘাটে দুটি পন্টুন স্থাপন করা হয়েছে।

ভিডিও কনফারেন্সের সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মফিজুল হক, জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমসহ অনেকে।

___________

patheo24/105

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *