নিজস্ব প্রতিবেদক : নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে গণগ্রেফতার চালানো হচ্ছে এমন অভিযোগ ঠিক নয়- দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতাকর্মীদের নয় বরং ছবি দেখে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে গত ৩০ জানুয়ারি খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাইকোর্ট এলাকায় বিএনপির কর্মীরা হামলা চালায় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। প্রিজনভ্যানে উঠে পুলিশের হাতে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৬৯ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় বিশেষ আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলাও হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন তো অনেক দূরে রয়েছে। তার আগেই আপনারা দেখেছেন খালেদা জিয়া, বিচারকার্যের জন্য যে যাচ্ছেন, সেখানে যাওয়ার পথে আসার পথে, যে ধরনের বিশৃংখলা সৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখেছেন পুলিশের রাইফেল ভেঙে ফেলেছে। আপনারা দেখেছেন যে প্রিজনভ্যান থেকে আসামিদের ছিনিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আমরা ভিডিও ফুটেজ দেখে যারা এগুলো করেছেন তাদের আমরা ধরার প্রচেষ্টা চালাচ্ছি। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটা আমরা সন্ত্রাসীদের ধরছি।’
নাগরিকদের পাসপোর্ট পেতে যাতে কোনো হয়রানির সম্মুখীন না হতে হয় সেই লক্ষ্যে পাসপোর্ট অধিদফতরের আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি।


