পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজার দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় তিন দিন ধরে ব্যাপক বিমান হামলার পর স্থল অভিযান শুরু হলো। এদিকে গাজার হাসপাতালগুলোয় ‘লাশের বন্যা’ বয়ে যাচ্ছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে সমগ্র উপত্যকায় হামলা শুরুর পর গাজার মধ্য ও দক্ষিণাঞ্চল থেকেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনারা।
স্থানীয় সময় গতকাল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা নতুন আদেশে গাজার দক্ষিণাঞ্চলের অন্তত ২০টি স্থান থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। নির্দেশনার সঙ্গে একটি ম্যাপও পোস্ট করা হয়েছে। সেখানে বেসামরিক মানুষজনের সরে যাওয়ার স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা সারি বাশি বলেছেন, ইসরায়েল মানুষকে পালাতে বলছে।
অথচ পালানোর কোনো নিরাপদ জায়গা নেই। কোথাও নিরাপদে পৌঁছানোর উপায়ও নেই। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলা নতুন করে শুরু হতে যাচ্ছে। গাজা যুদ্ধের কারণে মামলার কার্যক্রম বন্ধ ছিল।
সূত্র : বিবিসি, আলজাজিরা, এএফপি


