গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে। তবে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির সমর্থনে, নাকি বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস কারখানার শ্রমিকরা আগুন দিয়েছে; তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে। ওই গাড়িতে তিনজন যাত্রী ছিলেন। হঠাৎ ৮-১০ জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বাসে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: সময় সংবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *