গির্জায় যৌন নিপীড়ন বন্ধের আহ্বান পোপের

গির্জায় যৌন নিপীড়ন বন্ধের আহ্বান পোপের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফরাসি ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। গির্জায় যৌন নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পোপ বলেন, বিষয়টি নিজের জন্য ও চার্চের জন্য লজ্জাজনক।

বুধবার দেয়া এক ভাষণে তিনি বলেন, ভুক্তভোগীদের যে যন্ত্রণা ও কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, সহমর্মিতা প্রকাশ করছি। এটা আমার লজ্জা, আমাদের লজ্জা, আমাদের সকলের লজ্জা। এটা আমাদের লজ্জিত হওয়ার সময়। চার্চ যে দীর্ঘ সময় ধরে এ ঘটনাকে সামনে নিয়ে আসতে অক্ষমতার পরিচয় দিয়েছে তার জন্যই এ লজ্জা।

তিনি বলেন, এই ধরনের ঘটনার যেন কোনোভাবেই আর পুনরাবৃত্তি না হয়। গির্জা যেন সকলের জন্য নিরাপদ হয়। আর তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে ফরাসি ক্যাথলিকদেরই।

পোপ এ সময় অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়া ফরাসি পুরোহিতদের কাছে তার ঘনিষ্ঠ ও পিতৃত্বপূর্ণ সমর্থন প্রকাশ করেন। বিচারের সম্মুখীন হতে যাওয়া ফরাসি পাদ্রিদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বিচার প্রক্রিয়াটি হবে কঠিন কিন্তু স্বাস্থ্যকর।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) একটি স্বাধীন কমিশন জানায়, ফরাসি ক্যাথলিক চার্চের পাদ্রি ও অন্য ধর্মীয় কর্মকর্তারা ১৯৫০-এর দশক থেকে প্রায় ২ লাখ ১৬ হাজার অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা শিশুর ওপর যৌন নিপীড়ন করেছেন। গত সাত দশকে ফরাসি ক্যাথলিক চার্চে পেডোফাইল বা শিশুকামীর সম্ভাব্য সংখ্যা ২৯০০ থেকে ৩ হাজার ২০০ এর মধ্যে।

এ স্বাধীন কমিশন আড়াই বছর ধরে তদন্ত চালিয়ে ২৫০০ পাতার প্রতিবেদনটি প্রকাশ করে। এ ঘটনায় বিশ্বের অনেকে ফরাসি ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *