পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের নাম রতন মিয়া (৩৫) ও মনিরা আক্তার (৫)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়াল।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হলদি বিলে রতন মিয়া নামে এক যুবক ও দুপুর ২টার দিকে একই বিল থেকে মনিরা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন।
মৃত রতন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগরের ইনাতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও শিশু মনিরা একই এলাকার আব্দুল ওয়াহাবের মেয়ে।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রতন মিয়া ও মনিরা আক্তার নামে দুইজনের ভাসমান লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুমাই নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায়। ওই দিন এলাকাবাসী ১০ জনের মরদেহ উদ্ধার করেন। শুক্রবার আরও দুজনের মরদেহ উদ্ধার করা হল।
/এএ


