গুরুতর অসুস্থ আবদুল গাফফার চৌধুরী

গুরুতর অসুস্থ আবদুল গাফফার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :  ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা এবং সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ১৯ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি।

আবদুল গাফফার চৌধুরী ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না।

গাফফার চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার তার এমআরআই করা হয়েছে । এমআরআই প্রতিবেদন দেখে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, আবদুল গাফফার চৌধুরী দীর্ঘ দিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। বায়ান্নর ভাষা আন্দোলনের পর তার লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি তাকে খ্যাতি এনে দেয়। প্রথমে তিনি নিজেই গানটিতে সুর করেছিলেন। পরে শহীদ আলতাফ মাহমুদ এ গানে সুরারোপ করেন এবং এ সুরেই এখন গানটি গাওয়া হয়। বিবিসি বাংলা বিভাগের দর্শকদের জরিপে এই গান বাংলা গানের ইতিহাসে তৃতীয় সেরা গানের মর্যাদা পেয়েছে। বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৭), একুশে পদক ও স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

মাসিক সওগাত, দিলরুবা, মেঘনা, ইত্তেফাক, আজাদ, জেহাদ ও পূর্বদেশসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন বরেণ্য এই সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি। চন্দ্রদ্বীপের উপাখ্যান, সম্রাটের ছবি, ধীরে বহে বুড়িগঙ্গা, বাঙালি না বাংলাদেশিসহ তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ৩০। এছাড়া তিনি কয়েকটি পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। এর মধ্যে আছে ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *