গোয়েন্দারা আরবিতে অজ্ঞ বলেই নিরপরাধ মানুষকে জঙ্গি বানাচ্ছে : মন্ত্রী সিদ্দিকুল্লাহ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা আরবি পড়তে জানেন না বলেই নিরপরাধ মানুষকে জঙ্গি বানানো হচ্ছে বলে দাবি করেছেন রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মসজিদের ইমাম, স্থানীয় পঞ্চায়েত ও কাউন্সিলরের থেকে তিনি জেনেছেন, ধৃতদের অধিকাংশই ‘ছা-পোষা’। তাঁর কথায়, ডোমকলে যা ঘটেছে, তাতে দু’-এক জন জাকির নায়েকের বই পড়েছে। বই পড়ে একটা মানসিকতা তৈরি হয়েছে। তা বলে তাদের উপর শাস্তি বর্তায় না।
মুর্শিদাবাদের ডোমকল থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের ‘নিরপরাধ’ বলে দাবি করেছেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এ দিনই মালদহে গরু পাচার কাণ্ডে বিএসএফ-এর দিকেই আঙুল তুলেছেন তিনি।
মন্ত্রীর অভিযোগ, মুসলিম সমাজকে দায়ী করতেই বিজেপি এ রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে এই কাজ করাচ্ছে। তিনি বলেন, মুসলমান অনাথ। তার ভোট নেওয়া যাবে, কিন্তু তার পক্ষে কথা বলা যাবে না! বাংলার মানুষ এক সঙ্গে রয়েছে বলেই বিজেপি বিভাজন চাইছে।’’ খাগড়াগড় কাণ্ডেও মাদ্রাসা বা মসজিদ জড়িত ছিল না দাবি করে মন্ত্রী বলেন, মসজিদ, মাদ্রাসা, ইমামদের নাম করে মুসলমান সমাজের সঙ্গে সঙ্ঘাত তৈরি করতে চায় দিল্লি।
গরু পাচার নিয়ে সিদ্দিকুল্লার মন্তব্য, সীমান্তে যাঁরা আছেন, সশস্ত্র বল বা বিএসএফ… মূল অপরাধী তাঁরা। গরু পাচার যারা করছে তারা অনেক নীচে। বিএসএফ তুমি সরকারের উর্দি পরেছ, তোমাদের হাতে রাইফেল। গদ্দারি করলে বিএসএফ করেছে।
এদিকে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে মন্ত্রীর এই ক্ষোভ নিয়ে হইচই পড়েছে। এ নিয়ে বিএসএফের মালদহ সেক্টর বা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের কোনও আধিকারিক মন্তব্য করতে চাননি।
সূত্র : আনন্দ বাজার


