গোতাবায়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিল শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট

গোতাবায়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিল শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে।

আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশ ও জনগণকে দেউলিয়া হওয়ার পথে নিয়ে যাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে পিটিশন করা নাগরিক অধিকার সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট আরও যাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে তাদের মধ্যে গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে, দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নরও আছেন।

মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সাত দশকের মধ্যে দেখা সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের জন্য দ্বীপদেশটির রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানিয়েছে।

মামলার কার্যক্রম শুরুর অনুমতি দেওয়ার আগে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট ওই পিটিশনে বিবাদীপক্ষের তালিকায় গোতাবায়া রাজাপাকসেকে রাখারও অনুমতি দেয়।

প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়ার কারণে তিনি দায়মুক্তি পাচ্ছেন না জানিয়ে পাঁচ সদস্যের বেঞ্চ এ অনুমতি দিয়েছিল বলে লঙ্কান গণমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে।

অর্থনৈতিক সংকট এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির ঘাটতিতে তুমুল বিক্ষোভ ও ব্যাপক জনঅসন্তোষের মুখে জুলাইয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন গোতাবায়া। তার পদত্যাগের পর রনিল বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্ট হন।

গোতাবায়া সিঙ্গাপুর, থাইল্যান্ডে কয়েক সপ্তাহ থেকে মাসখানেক আগে নিজ দেশে ফেরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *