পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অাজ বুধবার (১২ ডিসেম্বর) গণভবন থেকে গোপালগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন । সকাল ৯টার কিছু সময় আগে তিনি গণভবন থেকে বের হন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে কোটালীপাড়ায় জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। দুপুরে মাজার জিয়ারতের পর বিকালে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুটি জনসভায় অংশ নেবেন তিনি।
এর পরদিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে মোট সাতটি জায়গায় নির্বাচনি প্রচারণার অংশ নিবেন তিনি। সেসব পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রীর দলীয় এই প্রচারণাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্ততি। সেসব এলাকার আওয়ামীলীগ নেতা-কর্মীরা তাদের প্রস্ততি শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়াঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আরও ২০ জেলায় নির্বাচনী সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে তার সফর সফল করতে মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।


