গোপালগঞ্জে ‘কুইক পয়েন্টে’ সেবা পাচ্ছে মানুষ

গোপালগঞ্জে ‘কুইক পয়েন্টে’ সেবা পাচ্ছে মানুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট নামের সেবা। ৩১ আগস্ট থেকে চালু হয়েছে এই সেবা। এই সেবা পেতে মঙ্গলবার দুপুর পর্যন্ত এক হাজার ৫২৪টি আবেদন জমা পড়েছে। এর মাধ্যমে উপকার পেতে শুরু করেছে সাধারণ মানুষ।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ জমির পর্চা, দাগসূচি, মৌজা ম্যাপ, ইনফরমেশন স্লিপ, বিভিন্ন মামলার নকল, আবেদন ও অভিযোগ সংক্রান্ত সেবা পাচ্ছে একই স্থান থেকে। ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের হয়রানি, দালালের উৎপাত বন্ধ হয়েছে। জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সেবাপ্রত্যাশীরা।

কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় স্থাপিত কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টে প্রবেশ করে অনুসন্ধান মেশিনের মনিটরে নিজের মোবাইল ফোন নম্বর প্রেস করলে ওই মেশিনের মনিটরে পর্চা, দাগসূচি, মৌজা ম্যাপ, ইনফরমেশন স্লিপ, মামলার নকল, ডাক, আবেদন, অভিযোগ, চিঠি, চেক, ডকুমেন্ট গ্রহণ—এই বারগুলো আসবে। এরপর ওই ব্যক্তি যে প্রয়োজনে এসেছে, সেই বারে প্রেস করলে কোন কাউন্টারে সেবা পাবে তা মাইকে বলে দেওয়া হয়। ওই ব্যক্তি মেশিন থেকে দুটি টোকেন স্লিপ পায়। সেটি নিয়ে সংশ্লিষ্ট কাউন্টারে গেলে দায়িত্বরত ব্যক্তি সেবাপ্রত্যাশী ব্যক্তিকে কাঙ্ক্ষিত সেবা দেন। এর জন্য পৃথক ছয়টি কাউন্টার রয়েছে।

কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টে গতকাল দুপুরে সেবা নিতে আসা জেলার কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মন্টু মোল্লা বলেন, ‘পর্চা নেওয়ার জন্য এসেছি। প্রথমে খাতায় নাম লিখিয়ে রুমে ঢুকি। এরপর মেশিনে আমার মোবাইল ফোন নম্বর টাইপ করেছি। বার এলে পর্চার জন্য চাপ দিই। পরে দুটি স্লিপ বের হয়। সেই অনুযায়ী ছয় নম্বর কাউন্টারে যাই। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। আমাদের কাছে টোকেন আছে। পর্চা কবে পাব, সেটি বলে দেওয়া হয়েছে। বিষয়টি আমার খুব ভালো লেগেছে।’

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘কুইক সার্ভিস ডেলিভারি সেবাটি আন্তর্জাতিক মানের সেবা। মুজিববর্ষ পালন উপলক্ষে গোপালগঞ্জের সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। যার যে সেবা প্রয়োজন সে কুইক সার্ভিস পয়েন্টে এসে সেবা চাইলে প্রয়োজনে ডাকের মাধ্যমেও আমরা তার বাড়িতে সেবা পৌঁছে দিচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *