পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন মো. সুলাইমান (৪২), তার স্ত্রী রিমা আক্তার (৩০), তাদের ছেলে মাহিদ (১৩) ও আরশ (৩)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে আড়াইহাজারের কুমারপাড়া এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে সুলাইমানের শরীরের ৯৫ শতাংশ, রিমা আক্তারের ১৫ শতাংশ, শিশু মাহিদের ১৩ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সুলাইমানের অবস্থা আশঙ্কাজনক। তিনজনেকে ভর্তি করা হলেও আরশকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


