পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও গ্রেপ্তার হওয়া শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে গার্মেন্টস সেক্টরে ঘোষিত মজুরি, গ্রেড কারসাজিসহ শ্রমিকদের নামে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, মজুরি বোর্ড শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাবনা ও আপত্তি আমলে না নিয়ে মালিকদের স্বার্থেই সাড়ে ১২ হাজার টাকার নিম্নতম মজুরি অপরিবর্তিত রেখেছে।
ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন নয়ন ও ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মানিক।


