গড়ে উঠুক সংকট জয়ের বন্ধন : কাদের

গড়ে উঠুক সংকট জয়ের বন্ধন : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক মহামারি করোনাসহ সকল সংকট জয়ের সুসংহত বন্ধন। শেখ হাসিনার নেতৃত্বে এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব ইনশা আল্লাহ।’

শুক্রবার (১৪ মে) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ব্রিফিংয়ের শুরুতেই দেশবাসীসহ মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে করোনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য, প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক মহামারি করোনাসহ সকল সংকট জয়ের সুসংহত বন্ধন’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পারস্পারিক ভাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।’

শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণপ্রদীপ জ্বালিয়েছে, ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আবারও নব উদ্যোমে কাঙ্খিত উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করি এবং সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে। এবারের ঈদ, শেষ ঈদ নয়, অপেক্ষা করি পরবর্তী সকালের, বর্ণময় ঈদের।’

চলমান করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা কাউকেই ছাড় দেয় না, তাই আসুন দলমত নির্বিশেষে এ করোনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।’ তিনি স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে দলমতের ঊর্ধ্বে উঠে সকলে মিলে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করারও আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদে গ্রামমুখী মানুষের বাঁধভাঙা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। ঈদ পরবর্তী সময়ে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলতে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *