ঘরে ঘরে আ’লীগের দুর্গ গড়ে তুলতে হবে

ঘরে ঘরে আ’লীগের দুর্গ গড়ে তুলতে হবে

ভোলা প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য ও আগামী নির্বাচনে ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গ্রামে গ্রামে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে একসমাবেশে তিনি এ আহ্বান জানান।

৭১ সালের এ দিনে স্বাধীকার আন্দোলনের নেতা জাতির পিতাশেখ মুজিবুর রহমানকে কারামুক্ত করে লাখো মানুষের সমাবেশে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। সেই দিনের স্মৃতি তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাণিজ্যমন্ত্রী।

স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান ও আজকের বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু নেই, তার কন্যা সোনার বাংলার হাল ধরেছেন। তিনি বিশ্বের তৃতীয় ক্ষমতাধর নেত্রী।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে মাদার অব হিউমিনিটি উপাধি দেয়া হয়েছে। এ সময় মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, যারা ২০১৩ সালে আন্দোলনের নামে সন্ত্রাস করেছে, ২০১৪ সালে যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করে। ২০১৫ সালে যারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। এবার তাদের সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে যে নির্বাচন হবে ওই নির্বাচনে অংশ নিতে হবে। এর বিকল্প কোনো প্রস্তাব বা দাবি বাস্তবায়িত হবে না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন লুটপাট করেছে। মা-বোনদের ওপর নির্যাতন করেছে। সেই সব কথা মানুষ ভুলে যায়নি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, আগামী নির্বাচনের জন্য এখন থেকেই মাঠে কাজ করতে হবে। গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। নারী নেতাকর্মীদের এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছগির আহমেদ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *