নিজস্ব প্রতিবেদক : ঘুষের টাকাসহ এক অডিটরকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. হাসান। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, রাউতনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, উপজেলা শিক্ষা অফিস তাঁর একটি বকেয়া বিল তৈরি করে গত ১৩ মে উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দেয়। বিল পেতে দেরি দেখে তিনি উপজেলা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করেন। তখন উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. হাসান তাঁর নিজের ও ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। মোয়াজ্জেম হোসেন প্রথমে ঘুষ দিতে অস্বীকার করলেও নিরুপায় হয়ে আলোচনার মাধ্যমে ১০ হাজার টাকা দিতে সম্মত হন।তিনি পরে এ বিষয়ে দুদকে অভিযোগ জানান এবং আইনি প্রতিকার চান। কমিশন সব ধরনের আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ফাঁদ মামলা পরিচালনার জন্য একটি বিশেষ দল গঠন করে।
বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ দলের সদস্যরা উপজেলা হিসাবরক্ষণ অফিসের চারদিকে ওত পেতে থাকেন। নিজ দপ্তরে বসে অডিটর হাসান যখন ঘুষের ১০ হাজার টাকা গ্রহণ করছিলেন, ঠিক তখনই কমিশনের বিশেষ দলের সদস্যরা ঘুষের টাকাসহ হাসানকে হাতেনাতে গ্রেফতার করেন। এ বিষয়ে দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি মামলা করেন।


