পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত মহাসগারের দরিদ্র দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে ভয়াভহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা অফিসের মতে, রোববার ঘূর্ণিঝড় ‘বাটসিরাই’ মাদাগাস্কারে আঘাত হানার পর কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এতে প্রায় ৪৮ হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। আল জাজিরা।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় রেডিও একটি বুলেটিনে নিহতদের বিষয়ে নিশ্চিত করেছে। রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৪৬০ কিলোমিটার (২৮৬ মাইল) দক্ষিণে আম্বালাভাও শহরে বাড়ি ধসে কয়েকজন মারা গেছে। দুই সপ্তাহের মধ্যে ভারত মহাসাগরের দরিদ্র দ্বীপরাষ্ট্রে আঘাত হানা এটি ছিল দ্বিতীয় বড় ঝড়।
ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে মাঞ্জারিতে আঘাত হানে। এতে গাছ উপড়ে ও বিল্ডিং ধসে যায়। ফ্যাবি নামের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মাঞ্জারি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, আপনি যেখানেই যান না কেন চারদিকে শুধু ধ্বংসস্তূপ।
মাদাগাস্কারের সিনেটের ভাইস প্রেসিডেন্টের কারিগরি উপদেষ্টা উইলি রাহারিজাওনা রয়টার্সকে বলেছেন, বন্যার কারণে দক্ষিণ-পূর্বের কিছু অংশ আশেপাশের এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মনে হচ্ছে, এইমাত্র বোমা বিস্ফোরণে সব ছিন্নভিন্ন হয়ে গেছে। নোসি ভারিকা শহর প্রায় ৯৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে। তীব্র বাসাতে ঘরের চালা উড়ে যেতে দেখা গেছে। কাঠের ঝুপড়িগুলো বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে।
মেটিও-ফ্রান্স আবহাওয়া পরিষেবা আগেই জানিয়েছিল, বাটসিরাই ঝড় মাদাগাস্কারের জন্য খুব গুরুতর হুমকি সৃষ্টি করবে। গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়টি দ্বীপের ওপর দিয়ে যাওয়ার পর হাজার হাজার মানুষ এখনও বিদ্যুৎবিহীন।
এর আগে গ্রীষ্মমন্ডলীয় ঝড় আনা জানুয়ারির শেষের দিকে মাদাগাস্কারে আঘাত হানে। এতে ১ লাখ ৩১ হাজার মানুষ ক্ষয়ক্ষতির মুখে পড়ে ও প্রায় ৬০ জন মারা যায়। যারা বেশিরভাগই ছিল রাজধানী আন্তানানারিভোতে। ঘূর্ণিঝড় আনা মালাউই, মোজাম্বিক এবং জিম্বাবুয়েতেও আঘাত করে। কয়েক ডজন মৃত্যু হয়।


