পাথেয় রিপোর্ট : দেশের বিভিন্নস্থানে বুধবার দিবাগত রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মারা গেছেন। তাদের মধ্যে কুমিল্লা ও গাজীপুরে নিহত দুইজন মাদকব্যবসায়ী বলে জানা গেছে এবং চট্টগ্রামে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা : ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে তালিকাভুক্ত এক শীর্ষ মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পাইপগান, রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, রাসেলের বিরুদ্ধে ৮-১০টি মামলা রয়েছে।
চট্টগ্রাম : ফটিকছড়িতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একে-২২ ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান জানান, শিকদারপাড়া এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর : মহানগরীর সালনায় বুধবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুজন মিয়া (৪০) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে শটগান, ওয়ান শুটার গান, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করেছে র্যাব। সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১১টি মাদক, একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা। তিনি সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে। র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


