নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের স্টেশন রোডে পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত হোটেলে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পারাবার নামে একটি সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান চলাকালে পুলিশ মোটেল সৈকতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের মধ্যে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ রয়েছেন বলে জানা গেছে।
আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, আটকদের সবাইকে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ জানান, ‘পারাবার’ নামে সাংস্কৃতিক সংগঠন নামে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর (দক্ষিণ) কমিটি গঠনের জন্য জনশক্তি জড়ো করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শতাধিক পুলিশ ‘মোটেল সৈকত’ দুই ঘন্টা ঘেরাও করে অভিযান চালিয়ে দুই শতাধিক জনকে আটক করে। তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানার মামলা রয়েছে। যাচাই বাচাই শেষে যাদের নামে মামলা আছে তাদের গ্রেপ্তার করে নিরাপরাধ ব্যক্তিদের ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
____________
patheo24/105


