চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবি, নিখোঁজ ৭ নাবিক

চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবি, নিখোঁজ ৭ নাবিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ এলাকায় ডুবে গেছে। আজ শনিবার, ১৯ মার্চ ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জাহাজটির ৭ নাবিক নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ কোস্ট গার্ড তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোর ৪টার দিকে আমরা এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর পাই।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো জানান, ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ডুবে যায়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হই। আমরা জানতে পেরেছি, জাহাজটির ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন। তবে নিখোঁজ ৭ জনের অবস্থান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ডুবে যাওয়া এমভি টিটু-১৪ নামে জাহাজটি আবুল খায়ের গ্রুপের। মালামাল লোড করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে ডুবে যায় জাহাজটি।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে এমভি টিটু -১৪ নামে লাইটারেজ জাহাজটি। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। কোস্ট গার্ডের উদ্ধার অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *