চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর জেটিতে আনার পথে কনটেইনারবাহী একটি জাহাজ কর্ণফুলী নদীর মোহনার মুখে চরে আটকা পড়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই জাহাজটি ভাসিয়ে উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় পড়া জাহাজটির নাম ‘এমভি টিজনি’। জাহাজটিতে পণ্যবাহী ১ হাজার ১২৬টি কনটেইনার রয়েছে। কনটেইনারগুলোয় রয়েছে পোশাকশিল্পের কাঁচামাল ও বাণিজ্যিক পণ্য। জাহাজটি আদালতের আদেশে আটক রয়েছে। বেসরকারি মিডল্যান্ড ব্যাংকের মামলায় আটক কনটেইনারবাহী ছয়টি জাহাজের মধ্যে এটি একটি। আদালতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জাহাজকে বন্দরে অবস্থান করতে হবে।
বন্দর সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আমদানিপণ্য নিয়ে সোমবার বন্দরের বহির্নোঙরে পৌঁছায় ‘এমভি টিজনি’ নামের জাহাজটি। সকালে জোয়ার থাকায় জাহাজটি জেটিতে ভিড়ানোর সময় কর্ণফুলীর মোহনার মুখে ১ নম্বর বয়ার কাছে চরে আটকে যায়। দুর্ঘটনার পরই জাহাজটি ভাসিয়ে উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বন্দর। জাহাজটির পানির নিচের অংশ ৮ দশমিক ৮৫ মিটার লম্বা। ঘটনাস্থলে পানির গভীরতা এর চেয়ে কম থাকায় এটি আটকে যায়।
বন্দরের মুখপাত্র মো. নাসির উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে জাহাজটি চ্যানেলের (জাহাজ চলাচলের পথ) একপাশে চরে আটকে যায়। এ ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়নি। তবে কুয়াশার কারণে জাহাজ চলাচলে সময়সূচি সাময়িক পরিবর্তন হচ্ছে।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি জিপি শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক শ্যামা প্রসাদ চৌধুরী বলেন, বন্দর কর্তৃপক্ষ সাহায্যকারী জাহাজ পাঠিয়েছে। জাহাজটি ভাসানোর জন্য ছয় ঘণ্টা পরের জোয়ারের জন্য অপেক্ষা করতে হতে পারে।
বেসরকারি মিডল্যান্ড ব্যাংকের মামলায় সাগরপথে পণ্য পরিবহন করা কনটেইনারবাহী ছয়টি জাহাজ গত শুক্রবার আটক করা হয়। এই ছয়টি জাহাজের মধ্যে এমভি টিজনি জাহাজটিও রয়েছে। প্রায় দুই বছর আগে মালয়েশিয়ায় আলু রপ্তানি করে টাকা না পাওয়ার একটি ঘটনায় এই মামলা করা হয়।


